বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৫ আগস্ট বৃহস্পতিবার পৌর শহরের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে দলীয় নেতা-কর্মীরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক, সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, এসএম দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ ময়মনসিংহ,জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম মিল্টন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইছেন। এই সরকারের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক শিক্ষার্থী এবং সাধারণ অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।