
অনিয়ম,লুটতরাজ, টেন্ডারবাজি অভিযোগ তুলে কাফনের সাদা কাপড় পড়ে গৌরিপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামকে মেয়র পদ থেকে পদত্যাগ ও শাস্তির দাবিতে রবিবার সকালবেলা পৌরসভার সামনে গৌরীপুর পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে কাফনের সাদা কাপড় পরে বিক্ষোভ মিছিল করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিগত ১৫ বছর ধরে লুটতরাজ, টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের ন্যায় গৌরীপুর পৌরসভা পরিচালনা করছেন। এসব লুটপাটের প্রতিবাদে পদত্যাগ না করা পর্যন্ত পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচি করে ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, গৌরীপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজিয়েল হাজাত মুন্সী, গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর পৌর শ্রমিকদলের আহ্বায়ক অলি,যুবদল কর্মী বাহালুল মুন্সি প্রমুখ।
এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এটি কোন রাজনৈতিক বা দলীয় কোন কর্মসূচি নয়৷ এটি পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে এবং আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের ভিত্তিহীন দাবি করছে ৷ মেয়র পদে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো দুর্নীতি ও অনিয়ম করিনি৷ পৌরসভার উন্নয়নে কাজ করে গেছি।সকল শ্রেণি-পেশার মানুষকে সেবা দিয়েছি৷ যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভিত্তিহীন।