প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
গৌরীপুরে উদ্যোক্তার সবজি বহন নিয়ে সংঘর্ষ: একই পরিবারের ৪ জন আহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে উদ্যোক্তার উৎপাদিত সবজি বহনের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোবিন্দনগর (বীরপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় উদ্যোক্তা মহসিন মিয়া (২৪) তার জমিতে উৎপাদিত শসা বাজারে নেওয়ার সময় সবজি বহনের রাস্তা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মহসিন মিয়া ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।
আহতরা হলেন— মো. রাহাদ (১৯), মো. আহসানুল বারী (২৮), রইছ উদ্দিন (৪৫)সহ একই পরিবারের চারজন। হামলাকারীরা ধারালো দা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের জখম করে বলে অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, জমিতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। প্রতিপক্ষ বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল এবং ঘটনার দিন পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
এ ঘটনায় মহসিন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন মিয়া প্রায় ২৭০ শতক জমিতে শসা চাষ করেন। ক্ষেত থেকে শসা বাজারে নেওয়ার সময় প্রতিপক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কলাবাগানের বেশ কিছু কলাগাছ কুপিয়ে ক্ষতিসাধন করে বলে অভিযোগ রয়েছে।
আহতদের চাচা আব্দুল হাই অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং শসা বাজারে নিতে বাধা দেওয়া হয়েছে।
বিবাদী তোফাজ্জল দাবি করেন, আমরা বাড়ির ভেতর দিয়ে শসা বহনের গাড়ি চলাচল করতে নিষেধ করি। তিনি বলেন, “আমাদের ঘরের মেয়েরা পর্দা করে। তাই বাড়ির ভেতর দিয়ে না নিয়ে জমির পাশ দিয়ে বাইরে দিয়ে নিতে বলেছিলাম। এ নিয়েই কথা কাটাকাটির ঘটনা ঘটে।”
এ বিষয়ে গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সালাহ উদ্দিন করিম জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 গৌরীপুর সংবাদ. All rights reserved.