প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
১২ সাংবাদিককে হুমকি, গৌরীপুর থানায় অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে ‘আমার দেশ’ নাম ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ১২ জন সাংবাদিককে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) অভিযোগটি দায়ের করেন দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তদন্ত কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ফেসবুক আইডির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগকৃত পোস্টটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উক্ত আইডি থেকে একটি বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। সেখানে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি আমার দেশ-এর নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছেন। ওই আইডি থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শেয়ার করা ছাড়াও এক দলিল লেখককে সাময়িক বরখাস্তের ঘটনায় তার পক্ষে অবস্থান নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মানহানির ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এমনকি আইডিটি থেকে অশ্লীল ও আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগও রয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও ঠিকানা শনাক্তে একটি গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হুমকিপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—মানবজমিনের শামীম হোসেন আলভী,
দৈনিক কালবেলার রাকিবুল ইসলাম, মানবকণ্ঠের ওবায়দুর রহমান, গণকণ্ঠের সুমন, বাংলাদেশের আলোর আব্দুর রউফ দুদু, প্রতিদিনের বাংলাদেশের শামীম আনোয়ার, ডেইলি ইন্ডাস্ট্রির ফারুক আহমেদ, জনতার শেখ মো. বিপ্লব, সময়ের কণ্ঠস্বরের হলি সিয়াম শ্রাবণ, আলোকিত সকালের আব্দুল কাদির এবং আজকের পত্রিকার আরিফ আহমেদ।
ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা
Copyright © 2026 গৌরীপুর সংবাদ. All rights reserved.