
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল আযহার জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে/ ২০২৬) সকাল ৯ টা ৩০ মিনিটে দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, আশেকান ও মুরিদান।
জামাতে ইমামতি করেন মাওলানা ইব্রাহিম । নামাজ শুরুর আগ থেকেই দরবার প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা উৎসবমুখর ও ধর্মীয় আবহে পরিণত হয়। ঈদের জামাতে অংশ নিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ছুটে আসেন।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। এ উপলক্ষে দরবার কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। মুসল্লিদের জন্য অজু, নিরাপত্তা ও যানবাহন পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়। একইসঙ্গে নারী মুসল্লিদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের সুব্যবস্থা করায় অংশগ্রহণকারীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
ঈদের জামাতে অংশ নিতে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা সুরেশ্বর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পেরে তারা আত্মিক প্রশান্তি অনুভব করেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, মানবকল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
ঈদের জামাতকে কেন্দ্র করে দরবার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সpঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে দরবারে আগত অতিথি ও মুসল্লিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থাও করা হয়###