গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করব এবং একে অপরের ধর্মীয় অনুভূতি ও অধিকারকে সম্মান করব। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তারা আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য আমরা তাঁদের পাশে আছি। এ দেশ আমাদের সবার। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই মিলেমিশে বসবাস করব। হিংসা-বিদ্বেষ নয়, পারস্পরিক সম্প্রীতিই আমাদের মূল শক্তি।”
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোমা আক্তার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক এবং সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।