
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে পৌর প্রশাসন ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এবিএম কাউছার জামান এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. কামাল উদ্দিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সাংবাদিক হুমায়ূন কবির, আলী হায়দার রবিন, কাজী আব্দুল্লাহ আল-আমীন, মো. আবুল কালাম আজাদ, মো. আনোয়ার হোসেন শাহীন, সুপক রঞ্জন উকিল, জিএম ফজলুর রহমান, মো. রায়হান উদ্দিন সরকার, মো. জহিরুল হুদা লিটন, মো. আশিকুর রহমান, মো. মাহফুজুর রহমান, মো. আব্দুর রউফ দুদু, শামীম হোসেন আলভী, মো. আতাউর রহমান সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
পৌর প্রশাসনের পক্ষ থেকে অভিযানে অংশ নেন কনজারভেন্সি ইন্সপেক্টর মো. ফজলুল করিম মিলন, হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, মো. কামরুল হাসান, মো. দেওয়ান, উৎপল, মো. সুজানুলসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
অভিযান চলাকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ আশপাশের যেসব স্থানে বৃষ্টির পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি সামাজিক দায়িত্ব। প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।