
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে বুধবার। মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’ এবং তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়া। দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আলোচিত এ মামলার রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। ৬০ কার্যদিবসের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডিএনএ প্রোফাইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র ও সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।
মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে মামলা করেন।
এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল সাংবাদিকদের জানিয়েছিলেন, শিশুটির নবজাতক কন্যাসন্তান ও মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএ প্রোফাইলে মিল পাওয়া গেছে। এর মাধ্যমে নবজাতকের জৈবিক পিতা হিসেবে তাঁর পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।
পরবর্তী সময়ে ২৭ আগস্ট পুলিশ মাদ্রাসাশিক্ষক সাগর হুজুর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এখন বহুল আলোচিত এ মামলার রায় ঘিরে বিচারপ্রার্থী পরিবার ও স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালতের রায়ে।