
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করবেন যুগ্ম জেলা জজ আদালত।
বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ারে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে সরকার। তবে গেজেটে নির্ধারিত বিধান যথাযথভাবে অনুসরণ না হওয়ায় বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে হাইকোর্টের এ রায়ে আর্থিক সীমা অনুযায়ী নির্ধারিত আদালতে বিচার পরিচালনার বিষয়টি বাধ্যতামূলক করার নির্দেশনা আসে।
এ বিষয়ে রিটকারী আইনজীবী মাহমুদুল আরেফিন (স্বপন) জানান, আদালতে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাই আইন সংশোধনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, আগে চেক ডিজঅনারের অধিকাংশ মামলা দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ আদালতে পরিচালিত হওয়ায় উচ্চতর আদালতগুলোতে মামলার চাপ বাড়ছিল। নতুন বিধান কার্যকর হলে তুলনামূলক কম অঙ্কের চেক ডিজঅনার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হবে। এতে উচ্চতর আদালতের ওপর চাপ কমার পাশাপাশি বিচারপ্রক্রিয়া ও রায় প্রদানের ক্ষেত্রে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
হাইকোর্টের এ রায়ের ফলে চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নিয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নির্ধারিত আর্থিক সীমা অনুযায়ী যথাযথ আদালতে মামলা পরিচালনার পথ আরও সুস্পষ্ট হলো।