
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাসন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ মাত্র ৬০ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়েছে। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিএনএ পরীক্ষা। পরীক্ষায় ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি মদনে তার নানার বাড়িতে থেকে সংশ্লিষ্ট মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে শিশুটি পরিবারের কাছে নির্যাতনের ঘটনা জানায়।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তাঁর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে মা ও নবজাতকের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২৮ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।
রায় ঘোষণার পর শিশুটির মা সন্তোষ প্রকাশ করে বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে তাঁর মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
আদালতের এ রায়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নির্যাতনের শিকার শিশু ও তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।