নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফতুল্লার মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
মঙ্গলবারের ওই ভিডিওতে এইচ এম হোসেনকে উত্তেজিত অবস্থায় দোকানের ম্যানেজার খোকনকে বলতে শোনা যায়, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন।’
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজারের বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই নারী পরে মৎস্যজীবী দল নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
দোকানটির মালিক রফিকুল ইসলাম বলেন, দোকান থেকে চার প্যাকেট বিরিয়ানি নেওয়া হলেও ক্যাশে টাকা দেওয়া হয়নি। টাকা ছাড়া খাবার দিতে না চাইলে মৎস্যজীবী দলের ওই নেতা এমন হুমকি দেন। ঘটনাটি কেউ মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। পরে ওই নেতা আবার দোকানে এসে বলেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল, কিছু মনে করবেন না।’
এ বিষয়ে জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।