
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :-ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমানসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। রোববার দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কালীখলা এলাকায় এই মানববন্ধন পালিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে করা মামলার রায় হবে। আমরা আজকের এই কর্মসূচি থেকে ওই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানাচ্ছি এবং আমরা হিরণ ভাই সহ সকল বহিষ্কৃত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি করছি।
গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ বলেন , জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর আমাদের নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয়৷ ওই সমাবেশের শেষ পর্যায়ে নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের আহত করা হয়। ঘটনার পর আমাদের নেতা-কর্মীরা যখন আহত মা- বোনদের চিকিৎসা সেবা নিয়ে ব্যস্ত ও গৌরীপুর বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সংবাদ সম্মেলনের প্রস্ততি নিচ্ছেন ঠিক তখন আমরা খবর পাই হিরণ ভাইসহ ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। কোন প্রকার নোটিশ ছাড়া বহিষ্কার করা হয়েছে যা অবিচার হয়েছে বলে আমরা মনে করি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য, উপজেলা বিএনপি’র সদস্য আব্দুল মান্নান তালুকদার, মনিরুজ্জামান মনির, সহনাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ
জানা গেছে, ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বিএনপির মনোনয়ন পাওয়ায় মনোনয়ন পরিবর্তনের জন্য আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ করে আসতেছিল আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। গত ৯ নভেম্বর মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে ইকবাল হোসেইন ও আহাম্মদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-ভাঙচুর ও উভয় পক্ষের অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার দিন শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত সহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য মনোনয়ন বঞ্চিত গৌরীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ সহ দলের পাঁচ জনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেন কেন্দ্রীয় হাই কমান্ড । ১০ নভেম্বর (সোমবার) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গৌরীপুর ছাত্রদলের ১৯ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন নারী সমাবেশে হামলার ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।