
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ভালুকার পুরাতন রাইচমিল এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৮০) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ( ১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় গৌরীপুর রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযার নামাজের আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামানের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল।
এর আগে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশগ্রহণ করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন ও সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মো. রহিমুদ্দিন, মুজিবুর রহমান, আবুল হাসিম, প্রদীপ ভৌমিক, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার সকাল ১১-৩০ মিনিটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা স্টেশন মসজিদ প্রাঙ্গনে এবং দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়।