
দীর্ঘ বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন দেশের সংগীতাঙ্গনের দুই শীর্ষ তারকা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা।
‘রাজকুমারী’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন কবির বকুল। ছবিগুলোতে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপাকে রেকর্ডিংয়ে অংশ নিতে দেখা যায়।
গীতিকার জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে গানটির ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেন কুমার বিশ্বজিৎ। রেকর্ডিংয়ের কাজটি পরিচালনা করেছেন সৌমী।
এর আগে গত ৪ নভেম্বর গানটির রেকর্ডিংয়ে অংশ নেন কনকচাঁপা। এর মধ্য দিয়ে সিনেমার গানে দীর্ঘ ৯ বছরের বিরতি ভাঙলেন এই শিল্পী।
উল্লেখ্য, কনকচাঁপা সর্বশেষ ২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রের গানে তাকে পাওয়া যায়নি। দীর্ঘ বিরতি কাটিয়ে দুই গুণী শিল্পীর একসঙ্গে সিনেমার গানে ফেরার বিষয়টি শ্রোতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।