
এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাঁদের মধ্যে এক হাজার জন থাকবেন জুলাই যোদ্ধা।
মন্ত্রী জানান, চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে। দেশটিতে যেতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল সোমবার মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আর নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।