
ময়মনসিংহ মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী মোজাম্মেল হোসেন মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় বৈঠা তৈরির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন মামুন শম্ভুগঞ্জ এলাকার মোস্তফা মিয়ার ছেলে। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসে নাশকতা চালানোর উদ্দেশ্যে নগরীর শম্ভুগঞ্জ মোড়ে বৈঠা তৈরি করছিলেন মামুন। এমন খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণ কাঠের বৈঠাসহ মোজাম্মেল হোসেন মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তৈরিকৃত বাইশটি বৈঠা ও বৈঠা তৈরির কাঠ জব্দ করে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মোজাম্মেল মামুনকে গ্রেপ্তার করেছে। ডিসেম্বর মাসে নাশকতার উদ্দেশ্যে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।