
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
জ্বালানি সংকটের মধ্যেই ময়মনসিংহের গৌরীপুরে সোয়াদ ফিলিং স্টেশনে তেল সরবরাহে সরকারি হিসাব ৫৮ হাজার লিটার, ম্যানেজারের দাবি মাত্র ৯ হাজার লিটার অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আখতারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত সোয়াদ ফিলিং স্টেশনে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় চলমান জ্বালানি সংকট পরিস্থিতিতে স্টেশনটির তেল মজুদ ও সরবরাহের হিসাব যাচাই করা হয়।
আরোও জানা যায়, ১, ২ ও ৪ এপ্রিল প্রতিদিন ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল আরও প্রায় ১৮ হাজার লিটার তেল সরবরাহ করা হয়েছে। অর্থাৎ মোট সরবরাহ দাঁড়ায় প্রায় ৫৮ হাজার ৫০০ লিটার।
কিন্তু বিস্ময়করভাবে ফিলিং স্টেশনের ম্যানেজার এসব তথ্য অস্বীকার করে মাত্র ৯ হাজার লিটার পেট্রোল গ্রহণের কথা স্বীকার করেন। এতে সরকারি হিসাব ও বাস্তবতার মধ্যে বড় ধরনের অসঙ্গতি স্পষ্ট হয়ে ওঠে।
এ ঘটনায় তেল সরবরাহে অনিয়ম, গোপন মজুদ বা অবৈধ বাণিজ্যের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরে ঘটনাস্থলেই ব্যবস্থা নিয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/২৫(ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয় এবং এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মোঃ উসমান গণির পুত্র।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে৷
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক বলেন , কয়েকদিন হয়েছে তার নিয়োগ হয়েছে। ম্যানেজার যে পরিমাণ তেল পেয়েছেন, তার সবটুকুই বিক্রি করেছেন। নতুন হওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালতে ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি।