
অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ, কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তালিকা প্রণয়নে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। এ দাবিতে কৃষিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন দলটির নেতারা।
গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে গৌরীপুর উপজেলা বিএনপির প্যাডে পাঠানো আবেদনে প্রকাশিত তালিকা বাতিল করে নতুন কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় সার ডিলার নিয়োগের তালিকা প্রণয়নের দাবি জানানো হয়।
আবেদনে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল।
আবেদনে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর সারাদেশে একযোগে সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে গৌরীপুর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের জন্য মোট ১১ জন ডিলারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির নেতাদের অভিযোগ, লটারির মাধ্যমে তালিকা তৈরির কথা থাকলেও চূড়ান্ত তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
আবেদনে আরও বলা হয়, তালিকা প্রণয়নের আগে স্থানীয় সংসদ সদস্যের মতামত বা পরামর্শ নেওয়া হয়নি। সার ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে অসন্তোষ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা চলছে বলে আবেদনে উল্লেখ করা হয়৷
গৌরীপুর উপজেলা কৃষক দলের সভাপতি শাহী মুন্সী বলেন, “দলের দুঃসময়ে আমরা নিবেদিতভাবে কাজ করেছি। আমিও সার ডিলারের জন্য আবেদন করেছিলাম। লটারিতে আমার নাম প্রথমে এসেছিল। কিন্তু লটারি হওয়ার বিষয়ে আমাকে জানানো হয়নি। লটারিতে আমার নাম এসেছিল। ভিডিও দেখে জানতে পেরেছি, পরে চূড়ান্ত তালিকায় আমার নাম নেই। আমার মতো অনেক আবেদনকারীই জানেন না, কবে লটারি হয়েছে ।”
উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়নের আবেদনকারী বোরহানউদ্দিন বলেন, “লটারিতে আমার নাম এসেছিল। ভিডিও দেখে জানতে পেরেছি, চূড়ান্ত তালিকায় আমার নাম নেই। ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনা করেছেন—এমন একজনকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আপিয়া আমীন পাপ্পা জানিয়েছেন, লটারির মাধ্যমে ইউনিয়ন প্রতি তিনজন করে এবং পৌরসভা থেকে তিনজনসহ মোট ৩৩ জনের নামের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছিল। সেখান থেকে ১১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।
বিএনপি নেতাদের দাবি, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বর্তমান তালিকা বাতিল করে নতুন কমিটির মাধ্যমে তালিকা প্রণয়ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।