গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাংয়ের সদস্যরা। একসময় মহানগর ও বড় শহরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে এসব গ্যাংয়ের তৎপরতা। উদ্বেগজনক বিষয় হলো, কিশোরদের অপরাধে জড়ানোর পেছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, বড় সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠছে।
পুলিশের পর্যালোচনায় দেখা গেছে, দেশের আটটি মহানগরসহ ৬৪ জেলায় কিশোর অপরাধীদের বিভিন্ন গ্যাং ও সদস্য রয়েছে। দলবদ্ধভাবে এসব কিশোর নানা অপরাধে জড়াচ্ছে। তাদের ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
সম্প্রতি চট্টগ্রাম নগরের খুলশীতে ‘ফাইভ স্টার’ ও ‘সেভেন স্টার’ নামে দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে হৃদয় নামের এক কিশোর খুন হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় বাবার সঙ্গে ওই এলাকায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করত। এ ঘটনায় ছয় কিশোরসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা ‘সেভেন স্টার’ গ্রুপের সদস্য। অন্যদিকে হৃদয় ছিল ‘ফাইভ স্টার’ গ্রুপের সদস্য।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুই গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘সেভেন স্টার’ গ্রুপ পরিচালনার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ছোট ভাই রকিবুল ইসলাম পিচ্চির নাম এসেছে। অন্যদিকে স্থানীয় বিজয়, কামরান ও শান্তের নেতৃত্বে ‘ফাইভ স্টার’ গ্রুপ পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় গত জুনে ওয়াকিল হোসেন বগাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লায় স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পর লাশ গুমের ঘটনায় কিশোর গ্যাংয়ের অপরাধ আবারও আলোচনায় আসে। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার হত্যা মামলা করেন। মামলায় দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুই কিশোর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
এ ঘটনার পর সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য ও তাদের অপরাধের তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ সদর দপ্তর। ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের আটটি পুলিশ রেঞ্জ, আটটি মহানগর ও রেলওয়ে পুলিশের আওতাধীন এলাকার ৪২৪টি মামলার তথ্য বিশ্লেষণ করা হয়। এসব মামলায় ৩০৭টি কিশোর গ্যাংয়ের ২ হাজার ৬২৫ সদস্যের অপরাধ পর্যালোচনা করে ২৩ ধরনের অপরাধের তথ্য পাওয়া গেছে।
অপরাধগুলোর মধ্যে রয়েছে মারামারি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, হত্যাচেষ্টা, হত্যা, ছিনতাই, বিস্ফোরক, পর্নোগ্রাফি, অস্ত্র, সাইবার অপরাধ, অপহরণ, ধর্ষণ, ধর্ষণচেষ্টা, মাদক ও যৌন হয়রানি। এ ছাড়া ডিএমপি অধ্যাদেশ, দ্রুত বিচার আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলাতেও কিশোরদের আসামি করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে জমি দখলকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাকুর রহমান খোকন চৌধুরী নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে এবং তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে যোগসাজশ করে তিনি কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে এ হামলা চালান।
গবেষণা সংস্থা এশিয়ান সোশিও-লিগ্যাল সেন্টার ফর এম্পিরিক্যাল অ্যান্ড ডকট্রিনাল রিসার্চের (অ্যাসেন্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, কিশোরদের কারা গ্যাং সংস্কৃতিতে নিয়ে যাচ্ছে, তা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হওয়া প্রয়োজন। গ্যাংয়ের পেছনে থাকা ‘গডফাদাররা’ ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাঁদের কীভাবে আইনের আওতায় আনা যায়, তা খুঁজে বের করা জরুরি।
এদিকে কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান জোরদার করেছে পুলিশ ও এসআরবি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৩ হাজার ৮৪৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন কুমিল্লাসহ ১১টি জেলা থেকে দেড় হাজারের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান চলছে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এইচ এম শাহাদাত হোসাইন জানান, কিশোর অপরাধীদের গ্রেপ্তার ও আটকের পাশাপাশি অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মু. রেজাউল করিম সোহাগ বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ শিশু-কিশোর। তাদের একটি অংশ সহজেই অপরাধের শিকার কিংবা অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। অভিভাবকদের পর্যাপ্ত নজরদারির অভাব এবং মাদকের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
কিশোর অপরাধ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে কিশোর গ্যাংয়ের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। কিশোরদের অপরাধে ব্যবহারের নেপথ্যে থাকা প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, মাদক নিয়ন্ত্রণ, পারিবারিক নজরদারি বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি। অন্যথায় কিশোরদের অপরাধজগতে ঠেলে দিয়ে আড়ালে থেকে যাবে প্রকৃত পৃষ্ঠপোষকেরা।