
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় অবস্থিত ডেল্টা স্পিনার্স লিমিটেডের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৃষ্ট অগ্নিকাণ্ডে গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা তুলা ও অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সারা রাতের দীর্ঘ চেষ্টায় আজ বুধবার (১১ নভেম্বর) সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কারখানার মহাব্যবস্থাপক জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কারখানার শ্রমিক ও সংশ্লিষ্টরা জানান, অগ্নিকাণ্ডের ঠিক আগ মুহূর্তে কারখানার ভেতরে শ্রমিকদের বেতন দেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। আগুনের ভয়াবহতা ও প্রাণভয়ে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় সে সময় উপস্থিত অনেকেই তাদের প্রাপ্য বেতন নিতে পারেননি।
তবে শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবু আহাম্মদ শরীফ আশ্বস্ত করে জানান, অগ্নিকাণ্ডের কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও নাইট শিফট এবং সকালের শিফটের শ্রমিকদের বেতন ইতোমধ্যে দেওয়া হয়েছে। বিকেল ৩টায় যেসব শ্রমিক ডিউটি শেষ করেছেন, তাদের বেতনও পর্যায়ক্রমে দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি প্রসঙ্গে মহাব্যবস্থাপক আবু আহাম্মদ শরীফ বলেন, গোডাউনের সামনের বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, গোডাউনে ৮৪৪ বেল (প্রায় ২ লাখ ৬ হাজার কেজি) কাঁচা তুলা এবং ৪২ হাজার কেজি বর্জ্য তুলা মজুদ ছিল, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এছাড়া আগুনে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের গোডাউনের টিনের চাল, লোহার ফ্রেম এবং ভেন্টিলেশনের সব গ্রিল ও গ্লাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৯ কোটি টাকা।
তবে গোডাউনের সাথে মূল ফ্যাক্টরির কোনো সরাসরি সংযোগ না থাকায় ফ্যাক্টরির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ফ্যাক্টরির স্বাভাবিক কার্যক্রম ও উৎপাদন অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোনো শ্রমিক বা কর্মীর হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি।
এর আগে ডেল্টা স্পিনার্স লিমিটেডের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার খন্দকার সালাউদ্দিন জানিয়েছিলেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে আগুন অল্প থাকায় একটি কাপড় দিয়ে ঢেকে তা নেভানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।
কারখানার সিকিউরিটি গার্ড সুমন মিয়া জানান, সন্ধ্যা ৭টার পরপরই তারা গোডাউনের উত্তর-পশ্চিম কর্নারে প্রথমে আগুনের আভা দেখতে পান। দ্রুত তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখে সবাইকে খবর দেন এবং নিজস্ব ব্যবস্থায় পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন।
গোডাউনের নিরাপত্তার দায়িত্বে থাকা জুনায়েদ জানান, বিকেল ৫টার পর গোডাউনের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। তুলা বের করার প্রয়োজন ছাড়া সাধারণত এটি তালাবদ্ধই রাখা হয়।
খবর পেয়ে মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে নিজ কার্যালয় থেকে ঘটনাস্থলে ছুটে আসেন গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম। আগুনের ভয়াবহতার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “ভেতরের তাপমাত্রা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে, উদ্ধারকাজে অংশ নেওয়া শ্রমিকরা সেখানে টিকতেই পারছিলেন না। তাপ সহ্য করতে এক শ্রমিক আরেকজন শ্রমিকের শরীরে অনবরত পানি ঢেলে ভিজিয়ে দিচ্ছিলেন।” তিনি আরও জানান, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে গৌরীপুর ফায়ার সার্ভিসের বর্তমান সাময়িক দায়িত্বে থাকা লিডার মো. সুলতান মিয়া জানান, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আজ সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভাতে গৌরীপুর, ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ থেকে এবং নেত্রকোনা, মদন, নান্দাইল ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।