
শিল্পীদের ব্যক্তিজীবনে প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের পাশাপাশি তাঁদের বয়স নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলে।
এবার বয়স ও জন্মসাল নিয়ে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে থাকা তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সেখানে তাঁর বয়স ৩৩ বছর উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়েছেন এ অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশট পোস্ট করেন সাদিয়া আয়মান। ক্যাপশনে তিনি লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?’
এ অভিনেত্রী বিভিন্ন সময় নিজের জন্মসাল ও বয়স নিয়ে খোলামেলা কথা বলেছেন। এ বিষয়ে পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্ট ছিল।’